কুড়িগ্রামে ত্রয়োদশ সংসদ নির্বাচন: সকাল ৭টা ৩০ থেকে বিকাল ৪টা ৩০ পর্যন্ত ভোটগ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, কুড়িগ্রাম জেলার ২৫ কুড়িগ্রাম-১, ২৬ কুড়িগ্রাম-২, ২৭ কুড়িগ্রাম-৩ এবং ২৮ কুড়িগ্রাম-৪ আসনের ভোটাররা নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে জাতীয় সংসদের জন্য নির্ধারিত পদ্ধতিতে ভোট দেবেন। একইসঙ্গে গণভোটের জন্য পৃথক ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং গণভোট অধ্যাদেশ, ২০০৫ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্ট সকল ভোটারকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোট প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

অন্যদিকে, পৃথক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভোটগ্রহণ চলাকালে কুড়িগ্রাম জেলার চারটি আসনের সকল ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। ভোটের সুষ্ঠু ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার।

Share With