কুড়িগ্রামে দরিদ্র মানুষের জন্য চালু হয়েছে দশ টাকার হাসপাতাল

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চালু হয়েছে ‘দশ টাকার হাসপাতাল’। জেলার দারিদ্র্যপীড়িত মানুষের জন্য এটি প্রথম উদ্যোগ, যা ইতোমধ্যেই সেবা গ্রহীতাদের কাছে প্রশংসা কুড়িয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল)-এর উদ্যোগে গত বছরের ডিসেম্বরে নাগেশ্বরী উপজেলায় হাসপাতালটি চালু হয়। এখানে ডায়াবেটিস, টাইফয়েড, জন্ডিস, কিডনিসহ রক্ত ও প্রস্রাবের বিভিন্ন পরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি কম খরচে করা যাচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

প্রত্যন্ত চরাঞ্চলসহ উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় ছয় হাজার নিম্ন আয়ের পরিবার হাসপাতালের ‘দশ টাকার কার্ড’ সংগ্রহ করেছেন। এ কার্ডের মাধ্যমে পরিবারগুলো নিয়মিত চিকিৎসা পাচ্ছেন। দরিদ্র শিক্ষার্থীদের জন্য পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে বলেও জানা গেছে।

হাসপাতাল চালু হওয়ার ফলে ১৩ জন বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

কর্মরত চিকিৎসক ডা. ইমতিয়াজ হোসেন বলেন, সিনিয়র মেডিকেল অফিসার ও উপ-সহকারী মেডিকেল অফিসাররা গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক রোগীদের সেবা দিচ্ছেন।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ বলেন, “এ ধরনের স্বল্পমূল্যের স্বাস্থ্যসেবা ও পরীক্ষা-নিরীক্ষা নিঃসন্দেহে দরিদ্র জনগোষ্ঠীর জন্য আশীর্বাদস্বরূপ।”

Share With