কুড়িগ্রামে ‘তোমার কণ্ঠই পারে পরিবর্তন আনতে’ শ্লোগানে দুই দিনব্যাপী কো-ক্রিয়েশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ২০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। শিফট প্রোগ্রামের আওতায় যুব ক্যাম্পেইনারদের জন্য এই আয়োজন করেছে অ্যাসোসিয়েশন ফর অলটারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংস্থাটির সম্মেলন কক্ষে সমাপ্ত হওয়া এই কর্মশালাটি ছিল সংস্থাটির শোওচার প্রকল্পের অংশ। শোওচার প্রকল্পটি সেভ দ্যা চিলড্রেন পরিচালিত শিফট প্রোগ্রামের সঙ্গে যুক্ত।
শিফট একটি আন্তর্জাতিক ক্যাম্পেইন অ্যাক্সিলারেটর প্রোগ্রাম, যা ১৪ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের সামাজিক ও পরিবেশগত পরিবর্তনের লক্ষ্যে কার্যকর জনসচেতনতামূলক ক্যাম্পেইন ডিজাইন ও বাস্তবায়নের সক্ষমতা প্রদান করে।কো-ক্রিয়েশন ভিত্তিক এই ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা বাস্তব ক্যাম্পেইন পরিকল্পনা, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের কৌশল, নেতৃত্ব ও অ্যাডভোকেসি দক্ষতা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির কার্যকর পদ্ধতি শিখেছেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের নিজস্ব ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য শিড ফান্ডিং সহায়তাও প্রদান করা হয়েছে।
দুই দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে অভ্যাস করেছেন—ক্যাম্পেইনের লক্ষ্য নির্ধারণ, লক্ষ্যভিত্তিক অডিয়েন্স চিহ্নিতকরণ, বার্তা উন্নয়ন ও কনটেন্ট তৈরি, ডিজিটাল ক্যাম্পেইন কৌশল প্রণয়ন এছাড়া মিডিয়া ও কমিউনিটি এনগেজমেন্ট বৃদ্ধি এবং ক্যাম্পেইনের প্রভাব মূল্যায়নের কৌশল নিয়েও তারা ধারণা লাভ করেছেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, ম্যানেজার সাবিনা ইয়াসমিন, বিএমজেড পিটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রফিকুল ইসলাম এবং শোওচার প্রকল্পের প্রজেক্ট ফোকাল কার্তিক চন্দ্র সেনসহ অন্যান্য প্রকল্প সমন্বয়কারীরা।