কুড়িগ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর নিখোঁজ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মাহিম (৭) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পালের চর মনো খাঁ বাড়ির পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদের একটি খালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খালের ধারে খেলা করার সময় অসাবধানতাবশত দুই শিশু পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে মরিয়ম নামে এক শিশুকে জীবিত উদ্ধার করলেও মাহিমের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ মাহিম উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী গ্রামের জাইদুল ইসলাম ও আফরোজা খাতুন দম্পতির ছেলে। সে মায়ের সঙ্গে নানাবাড়ি পালের চরে বেড়াতে এসেছিল। তার নানা মো. মাইন উদ্দিন ওই এলাকার বাসিন্দা।

ঘটনার খবর পেয়ে রৌমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে রৌমারীতে ডুবুরি দল না থাকায় তারা শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে জামালপুর থেকে ডুবুরি দল আনা হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Share With