কুড়িগ্রামে নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো নার্সিং পেশায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কুড়িগ্রাম  নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়।জব ফেয়ারে জেলা শহরের ১২ টি চাকুরীদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং বিপুল সংখ্যক চাকুরীপ্রত্যাশী তরুণ-তরুণী উপস্থিত হন। বিশেষ করে নার্সিং ও মিডওয়াইফারি বিভাগের শিক্ষার্থীদের জন্য এ আয়োজন একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

ফেয়ারে চাকুরী প্রত্যাশীরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন, জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন এবং ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন। আয়োজকদের মতে, এ ধরনের জব ফেয়ার তরুণদের কর্মসংস্থানে কার্যকর ভূমিকা রাখবে।

চাকুরী প্রত্যাশীরা জানান, এমন আয়োজন আরও নিয়মিত হলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চাকুরীর চাহিদা ও শূন্যপদের তথ্য জানা সহজ হবে। এতে চাকুরী প্রার্থীদের দক্ষতা ও পেশাগত মানও উন্নত হবে বলে তারা মনে করেন।

কুড়িগ্রাম নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ নীহার বানু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার প্রিতম কুন্ডু, জেলা স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহফুজার রহমান,কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নিস্বর্গ মেরাজ চৌধুরী, নার্সিং ইনস্টিটিউটের ইন্সটেকটর জহির রায়হান লিটন,করুণা রানী রায় প্রমুখ।বক্তারা দক্ষ ও প্রশিক্ষিত নার্সদের উপযুক্ত প্রতিষ্ঠানে নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, স্বল্পমেয়াদি বা শর্ট কোর্স করে নার্সিং পেশায় যুক্ত হওয়া সঠিক নয়, কারণ এতে দক্ষ নার্স তৈরি সম্ভব হয় না। বরং নার্সিং ইনস্টিটিউট থেকে ৩ থেকে ৪ বছরের পূর্ণাঙ্গ কোর্স সম্পন্ন করে ইন্টার্নশিপ করা শিক্ষার্থীরাই প্রকৃত অর্থে দক্ষ ও অভিজ্ঞ হয়ে ওঠে। বক্তারা আরও বলেন, যোগ্য নার্সদের যোগ্য স্থানে নিয়োগ দিলে প্রতিষ্ঠান যেমন লাভবান হবে, তেমনি রোগীরাও মানসম্মত সেবা পাবে। তাই স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রশিক্ষিত নার্সদের বিকল্প নেই।

Share With