কুড়িগ্রামে নৈশপ্রহরী তপন হত্যার ঘটনায় ম্যানেজারসহ গ্রেপ্তার ২

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আবুল খায়ের টোব্যাকো অ‌ফি‌সের নৈশপ্রহরী তপন সরকার হত্যার ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজারসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান।

গ্রেপ্তাররা হলেন অ‌ফি‌সের ম্যানেজার লিটন এবং কর্মচারী আজম।

ডিবি পুলিশ সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যায় রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা গ্রামের আবদুর রহমানে‌র ছেলে লিটনকে তার নিজ বাড়ি থেকে ও পরদিন কর্মচারী আজমকে তার কর্মস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

ডিবির ওসি বজলার রহমান বলেন, ‘গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতের কাছে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট আরো গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।’

প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর রাতে রাজারহাট উপজেলা শহ‌রে অবস্থিত আবুল খায়ের টোব্যাকো কম্পানির অফিস কক্ষের ভেতরে নৈশপ্রহরী তপন সরকারকে গলা কেটে হত্যা করা হয়। একই সঙ্গে অফিস থেকে প্রায় ৪০ লাখ টাকার বেশি অর্থ লুট হওয়ার অভিযোগ ওঠেছে।

ঘটনার পর থেকে আলোচিত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Share With