কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ৭২ ঘণ্টার ব্যবধানে দুই কন্যা শিশুর পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনায় দুই পরিবারের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

জানা গেছে, উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাবান্দি সরকারপাড়া গ্রামের হাফেজ মো. জাকির ওরফে রুবেল মিয়ার তৃতীয় শ্রেণির ছাত্রী মেয়ে মোছা. জাকিয়া খাতুন (৯) এবং একই উপজেলার সদর ইউনিয়নের বাবুরবাজার এলাকার সিরাজুল ইসলামের মেয়ে সামিয়া খাতুন (৮) পুকুরে ডুবে প্রাণ হারায়।

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে সামিয়া বাড়ির পাশের পুকুরে পড়ে মারা যায়। এর মাত্র তিন দিন পর একই উপজেলার অন্য এলাকায় জাকিয়ার মৃত্যু হয় বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, পরপর দুটি শিশুমৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক ও নিস্তব্ধতা। পরিবারের সদস্যরা শোক সইতে না পেরে বারবার মূর্ছা যাচ্ছেন।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “দুই শিশুর মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এটি একটি দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

Share With