কুড়িগ্রামে পুলিশের হাতে কামড় দিয়ে আসামি ছিনিয়ে নিলো আ.লীগের কর্মীরা

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সরকার উৎখাতের পরিকল্পনা ও ‘জুলাই সনদ’ বাতিলের দাবিতে পোস্টার টানানোর ঘটনায় অভিযান চালাতে গেলে পুলিশের ওপর হামলা ও আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। পুলিশ দুইজনকে আটক করে আদালতে পাঠিয়েছে এবং সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার কোদালকাটি ইউনিয়নের চর সাজাই মন্ডলপাড়া এলাকায় সরকার উৎখাতের পরিকল্পনায় গোপন বৈঠক ও পোস্টার টানানোর খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন করির ছক্কুর নেতৃত্বে কিছু নেতাকর্মী পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

এক পর্যায়ে পুলিশ হুমায়ুন করির ছক্কুকে আটক করলে আওয়ামী লীগ কর্মীরা মব সৃষ্টি করে পুলিশের হাতে কামড় দিয়ে তাকে ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। এতে এসআই গোলাম মোস্তফা, এএসআই আহসান হাবিব, এএসআই জয়ন্ত ও কনস্টেবল ইয়াছিনসহ ছয় পুলিশ সদস্য আহত হন।

পরে পুলিশ রহিম আহম্মেদ (২৫) ও ইয়াকুব আলী (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০–৪০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “সরকার উৎখাতের পরিকল্পনায় গোপন মিটিংয়ের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। আমাদের উপস্থিতি টের পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় ও আটক আসামিকে ছিনিয়ে নেয়। এতে আমাদের ছয় সদস্য আহত হয়েছেন।”

ঘটনার পর রাজিবপুরে টান টান উত্তেজনা বিরাজ করছে। মামলা দায়েরের পর থেকে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় জনশূন্যতা দেখা দিয়েছে।

Share With