কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, ১৫ মাস বয়সী আরও এক শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার তিনটি এলাকায় পৃথক এসব ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- উলিপুর পৌরসভার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের ইউনুস আলীর ছেলে আরমান (৪) ও তবকপুর ইউনিয়নের উমানন্দ গ্রামের নুর আলমের ছেলে মাসুদ রানা (৩)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলছিল মাসুদ রানা। পরিবারের সদস্যদের অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, পশ্চিম নাওডাঙ্গা গ্রামে বাড়ির পাশে খেলছিল আরমান। একপর্যায়ে সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায় সে। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, মাসুদ রানার পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। অন্যদিকে, আরমানের মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছে।