কুড়িগ্রামে বাল্যবিয়ে প্রতিরোধে উঠান বৈঠক

কুড়িগ্রামে বাল্যবিয়ে প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিশু বিষয়ক সংগঠন ‘জুভেন্স রাইটস নেট’ এর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে জেলার পাঁচগাছী ইউনিয়নে আয়োজিত এই বৈঠকে শিশু-কিশোরী ও মহিলাসহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন।

বৈঠকে সংগঠনের স্বেচ্ছাসেবকরা বাল্যবিয়ের কুফল, শিশুশ্রমের নেতিবাচক প্রভাব এবং এসব প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন।

উঠান বৈঠকে অংশ নেওয়া কিশোরী সুমাইয়া আক্তার বলেন, “আমি আগে বাল্যবিয়ের কুফল সম্পর্কে ভালোভাবে জানতাম না। এই বৈঠকে অংশগ্রহণ করে বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছি এবং আমি আমার এলাকাবাসী ও সহপাঠীদেরও এ বিষয়ে সচেতন করব।”

এছাড়া অংশগ্রহণকারী সালেহা বেগম জানান, “আমাদের এলাকায় এরকম আয়োজন এই প্রথম। আমি শিখেছি, বাল্যবিয়ে আমাদের সন্তানদের জন্য ক্ষতিকর। তাই আমি আমার মেয়েকে বাল্যবিয়ে দেব না এবং অন্যদেরও সচেতন করব।”

আয়োজকরা জানান, বাল্যবিয়ে প্রতিরোধে ধারাবাহিকভাবে এমন সচেতনতামূলক কার্যক্রম জেলার বিভিন্ন এলাকায় চালিয়ে যাবে ‘জুভেন্স রাইটস নেট’।

Share With