কুড়িগ্রামে বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেনের উদ্যোগে অর্ধশতাধিক কৃষ্ণচূড়া চারা রোপণ

কুড়িগ্রামে পরিবেশের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেনের উদ্যোগে অর্ধশতাধিক কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিস সংলগ্ন সড়কের পাশে সারিবদ্ধভাবে এসব কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়। সড়কের দুই পাশে শোভা বর্ধনকারী কৃষ্ণচূড়ার চারা রোপণের ফলে এলাকাটি আরও নান্দনিক ও সবুজ হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইদুল আবেদিন ডলার, জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রেজাউল করিম, কুড়িগ্রাম সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহ নাজ বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, এরকম পরিবেশবান্ধব সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতে যদি জেলা পরিষদের কাছ থেকে কোন প্রকার সহযোগিতা প্রয়োজন হয় তাহলে জেলা পরিষদে এলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সহযোগিতা করার। এছাড়াও তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতার আশ্বাস দেন বৃক্ষ প্রেমী আনোয়ার হোসেনকে।

আয়োজকরা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, এর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে শোভা বর্ধনকারী গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি শহরের সৌন্দর্যও বাড়ানো সম্ভব।

বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত ব্যক্তিরা বলেন, ব্যক্তিগত উদ্যোগে পরিবেশ ও নগরের সৌন্দর্য রক্ষায় এ ধরনের কর্মসূচি অন্যদেরও উৎসাহিত করবে। ভবিষ্যতেও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Share With