কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে বৃহস্পতিবার (২৬ মার্চ) সনাতন ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে। অষ্টমী স্নানের লগ্ন ভোর ৪টা ৫৫ মিনিট থেকে বিকেল ২টা ৫৮ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোচনের উদ্দেশ্যে ব্রহ্মপুত্র নদে পূণ্যস্নান সম্পন্ন করেন। এবারও উপজেলার ব্রহ্মপুত্র নদের জোড়গাছ বাজার থেকে রমনা বন্দর এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ নদীতটে স্নান ও মেলার আয়োজন করা হয়েছে।
রংপুর বিভাগের ৮টি জেলা ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত পূণ্যার্থীরা একদিন আগে চিলমারী উপজেলায় অবস্থান নেয়।
আয়োজকরা জানিয়েছেন, এবারের পূণ্যস্নানে প্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছে। স্নান উৎসবের জন্য উপজেলার ২২টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা হয়েছে যাতে পূণ্যার্থীরা রাত্রি যাপন করতে পারে।
এছাড়া স্নান পরবর্তী পোষাক পরিবর্তনের সুবিধার্থে এবং রাত্রি যাপনের জন্য ৪৪টি অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে। পূজা অর্চনার দায়িত্বে রয়েছেন প্রায় দুই শতাধিক ব্রাহ্মণ পূজারি।
নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে পুলিশের ১৮১ জন সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যগণ দায়িত্ব পালন করছেন।