কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে ব্র্যাকের উদ্যোগে একদিনব্যাপী বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) যাত্রাপুর ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস ও ডেপুটি সিভিল সার্জন ডা. আ. ন. ম. গোলাম মোহাইমেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) আঞ্চলিক ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, ডিভিশনাল কো-অর্ডিনেটর আব্দুল মোনায়েম খান, জেলা সমন্বয়ক সৈয়দ ফাহিদ হাসান, এলাকা ব্যবস্থাপক মাহামুদুর হাসান এবং ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার।
চক্ষু সেবা প্রদানে অংশ নেয় কুড়িগ্রাম চক্ষু হাসপাতালের দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ছয় সদস্যের একটি মেডিকেল টিম। ক্যাম্পে তিন শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শপত্র প্রদান, চশমা বিতরণ ও চোখের ছানি অপারেশনসহ নানা সেবা দেওয়া হয়।
চিকিৎসা শেষে রসুলপুর গ্রামের আমেনা বেওয়া বলেন, “আজ বিনা টেহায় ডাক্তারোক চোখ দেখানু। ডাক্তার দেখি ফির চশমাও দিছে। মোর খুব উপকার হইছে।”
ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার বলেন, “আমার ইউনিয়নের অনেক অসহায় মানুষ বিনামূল্যে চোখের ডাক্তার দেখাতে পেরে দারুণ খুশি। আশা করি, ব্র্যাকের এমন মানবিক উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে।”
আঞ্চলিক ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, “ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ যে স্বপ্ন দেখেছিলেন—অভাবী ও অবহেলিত মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া—আমরা আজ তা বাস্তবায়ন করছি। এই ক্যাম্পের মাধ্যমে গ্রামীণ সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেয়েছেন।”