কুড়িগ্রামে মানসিক ভারসাম্যহীন নারীর আত্মহত্যা

কুড়িগ্রামের চিলমারীতে আমেনা বেগম (৫০) নামে এক নারী আত্মহত্যা করেছেন। বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে নিজের শয়নঘরে ধরণার সাথে রশিতে ঝুলে তিনি আত্মহত্যা করেন। রমনা ইউনিয়নের টোন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম ওই গ্রামের ফজলু মিয়ার স্ত্রী।

রমনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক আঁকা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ মারা যাওয়ার বিষয়টি শুনেছি। আমেনা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে গৃহস্থালির কাজ শেষ করে আমেনা বেগম ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে ছেলের স্ত্রী আরিফা বেগম বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর বেড়ার ফাঁক দিয়ে তাকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চিলমারী থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর নুরুল ইসলাম বলেন,’ এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন হবে।’

Share With