কুড়িগ্রামে কিছু ব্যক্তি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যমুনা টেলিভিশনের পরিচয় ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায় ও হয়রানির চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন যমুনা টেলিভিশনের কুড়িগ্রাম স্টাফ করসপনডেন্ট নাজমুল হোসেন।
তিনি জানান, যমুনা টিভির প্রকৃত প্রতিনিধিদের নির্দিষ্ট পরিচয়পত্র ও অফিসিয়াল নম্বর ৭৭৭৭৭ রয়েছে। বিশেষ করে নির্ধারিত ডিজিটাল আইডি ও বৈধ পরিচয়পত্র ছাড়া কেউ যদি নিজেকে যমুনা টিভির প্রতিনিধি হিসেবে পরিচয় দেয়, তা সম্পূর্ণ ভুয়া। জেলায় একজনই যমুনা টিভির প্রতিনিধি।
তিনি আরও বলেন, কিছু ব্যক্তি গণমাধ্যমের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড দেখা গেলে সঙ্গে সঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয়ভাবে সচেতন মহল মনে করছে, গণমাধ্যমের নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণা ও হয়রানি রোধে কঠোর নজরদারি ও দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।