কুড়িগ্রামে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার কাঁঠালের চারা বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়ন করে বেসরকারি সংস্থা গ্রিন ইকো ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও মধ্য কুমরপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্য কুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন গ্রিন ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান সঞ্জয় চৌধুরী এবং ‘রিনিউ নাও’-এর সভাপতি রায়হান আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ফলজ গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা সম্ভব। শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের মাধ্যমে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন তারা।