কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনা: অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর

কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের বিসিক শিল্পনগরী সংলগ্ন এলাকায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-চিলমারী সড়কের বিসিক শিল্পনগরী সংলগ্ন যোগাযোগ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান (৬৩) কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের অবসরপ্রাপ্ত কোল্ড চেইন টেকনিশিয়ান ছিলেন। তার বাড়ি বগুড়ার নন্দিগ্রাম উপজেলার মাটিহাঁস গ্রামে হলেও চাকরিসূত্রে দীর্ঘদিন ধরে কুড়িগ্রামে বসবাস করতেন। আহত আব্দুল মতিন (৫৮) জেলা শহরের প্রাণিসম্পদ অফিস সংলগ্ন মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে মোটরসাইকেলে করে শহর থেকে বিসিক শিল্পনগরীর দিকে যাচ্ছিলেন তারা। এ সময় উলিপুর থেকে কুড়িগ্রামমুখী একটি অ্যাম্বুলেন্স মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দু’জনই সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত মতিনের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার পর এলাকাবাসী অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলটি আটকে রাখে।

কুড়িগ্রাম সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share With