কুড়িগ্রামে সাইবার হয়রানি বন্ধে পুলিশ সুপারকে স্মারকলিপি

কুড়িগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার হয়রানি, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন ও ট্রলের প্রতিবাদে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখা।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংগঠনটির পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘Kurigram Exposed Ultraverse’ এবং ‘Kurigram Memes Ultraverse’ নামের দুটি ফেসবুক পেজ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অগোচরে তাদের ছবি ও ভিডিও ধারণ করছে। পরে এসব কন্টেন্ট ‘মিম’ আকারে প্রকাশ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে।

তারা আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড ব্যক্তিগত গোপনীয়তার সুস্পষ্ট লঙ্ঘন এবং প্রচলিত সাইবার আইনের পরিপন্থী। এতে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ সমাজের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে।

স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের প্রতিনিধিরা গণমাধ্যমকে জানান, “আমরা একটি নিরাপদ, শালীন ও হয়রানিমুক্ত কুড়িগ্রাম গড়তে চাই। বিনোদনের নামে কারও ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ করা বা সাইবার বুলিং কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সংশ্লিষ্ট পেজগুলোর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাইবার অপরাধ দমন সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হতে পারে।

এদিকে, স্থানীয় সচেতন মহল শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে ইতিবাচক ও দায়িত্বশীল সাইবার সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে।

Share With