কুড়িগ্রামে সার পাচার করায় ডিলারকে জরিমানা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অন্য জেলায় অবৈধভাবে সার পাচারের অভিযোগে এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা কৃষি অফিসার বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম বাজার এলাকায় সার বহনকারী একটি অটোরিকশা আটক করেন। এসময় সার ক্রয়ের বৈধ মেমো দেখাতে না পারায় জিজ্ঞাসাবাদে জানা যায়, রতিগ্রাম বাজারের ‘লিটন ট্রেডার্স’-এর মালিক লিটন সরকার লালমনিরহাট জেলার তিস্তা এলাকায় পাচারের উদ্দেশ্যে সারগুলো পাঠাচ্ছিলেন।

অভিযানে ৮ বস্তা এমওপি ও ৮ বস্তা ডিএপি সার জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৬ হাজার ৪০০ টাকা। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত লিটন সরকারকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানকালে উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী, কৃষি সম্প্রসারণ অফিসার হৈমন্তী রানী, পুলিশ ও আনসার সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিষয়টি উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী নিশ্চিত করেছেন।

Share With