একই সঙ্গে শিক্ষকতার পেশায় যুক্ত হলেন কুড়িগ্রামের এক দম্পতি। মোছা. রেজওয়ানা জাহান রিশা ও মো. আহসান হাবীব সম্প্রতি আলাদা দুটি প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন।
রিশা উলিপুর উপজেলার মেয়ে। তিনি উদ্ভিদবিজ্ঞানে পড়াশোনা করেছেন এবং চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসায় সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) পদে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে, চিলমারীর সন্তান আহসান হাবীব রসায়ন বিষয়ে পড়াশোনা করেছেন এবং সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) পদে কয়ারপার বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ে যোগদান করেছেন।
নিজেদের অনুভূতি ব্যক্ত করে রিশা বলেন, “শিক্ষকতা আমাদের স্বপ্নের পেশা। একই সময়ে আমি আর আমার স্বামী শিক্ষক হিসেবে যোগদান করতে পেরে আমি খুবই আনন্দিত। শিক্ষার্থীদের মাঝে নিজেকে উৎসর্গ করতে চাই।”
আহসান হাবীব বলেন, “একসঙ্গে শিক্ষকতা পেশায় আসাটা আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা চাই শিক্ষার্থীদের জন্য কিছু করতে, যাতে তারা নৈতিক ও মানসিকভাবে দৃঢ় হয়ে বড় হতে পারে।”
কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দীন বলেন, “তাদের দুজনকেই কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি, তারা শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলবেন।”
স্থানীয় শিক্ষা পরিবারও তাদের যুগল সাফল্যে আনন্দ প্রকাশ করেছে।