কুড়িগ্রামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

ক্রীড়ার মাধ্যমে জনসম্পৃক্ততা বৃদ্ধি, সুস্থ ও সুন্দর সমাজ গঠন এবং পুলিশ-জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও আস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে কুড়িগ্রামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

এবারের কাবাডি চ্যাম্পিয়নশিপে কুড়িগ্রাম জেলার ১১টি পুরুষ দল ও ৫টি নারী দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, মোবাইল আসক্তি ও অনলাইন জুয়ার মতো সামাজিক অপরাধ কমিয়ে আনতেও এ ধরনের আয়োজন সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Share With