কুড়িগ্রামে শহিদুল ইসলাম (৩৪) নামে এক মাদক কারবারিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি সেলিম মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করা হয়েছে।
বুধবার (০৬ মে) অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
শহিদুল ইসলামের বাড়ি নাটোরের বাগাতিপাড়া তামাল তলা এলাকায়। তিনি ওই এলাকার মৃত চাঁন খলিফার ছেলে।
অপরদিকে সেলিম মিয়া (৪০) বাগাতিপাড়া উপজেলার তামাল তলা কসবা মালঞ্চিপাড়ার মৃত আমির হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৩ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম শহরের তাঁরামন বিবির মোড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি অটোরিকশা থামানোর সংকেত দিলে আসামিরা পালানোর চেষ্টা করে। পরে শহিদুল ইসলামকে আটক করে তার কাছে থাকা একটি ব্যাগ ও বস্তা থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপর আসামি সেলিম পালিয়ে যান।
রাষ্ট্রপক্ষের আইনজীবি অতিরিক্ত পিপি অ্যাড. তারেক বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেছেন।