“এক হবো, আওয়াজ তুলবো—আলোকিত সমাজ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে ৪৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বিকাল ৪টায় কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন করে স্টুডেন্টস ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহযীব ইনস্টিটিউটের চেয়ারম্যান মাওলানা মোশাররফ হোসেন।

তিনি বলেন, “স্বেচ্ছাসেবকরা নিজেদের বিবেকের তাড়নায় মানবকল্যাণে কাজ করেন। বন্যা, খরা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তারা আর্তমানবতার পাশে দাঁড়ান। মানুষের দুঃখ-দুর্দশার সময়ে স্বেচ্ছাসেবীরাই প্রকৃত বন্ধু। তাই স্বেচ্ছাসেবীরা সৃষ্টিকর্তার কাছ থেকে এর উত্তম প্রতিদান পাবেন।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদা হান্নান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক এম রশীদ আলী, স্টুডেন্টস ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশনের সাজ্জাদ হোসেন, মৃত্তিকা স্বেচ্ছাসেবী সংগঠনের আব্দুল হামিদ, অরণ্য যুব সংঘের আবু জোবায়েদ এবং জেলা যুব ফোরামের সাইদুল হাসানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন পর্যায়ের ৪৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।