কুড়িগ্রামে ৪ দফা দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মীদের অবস্থান কর্মসূচি

চার দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার সকালে কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ কার্যালয় চত্বরে ৮০টি সমিতির ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে একাধিকবার কমিটি গঠনসহ আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন হয়নি। বরং আন্দোলনে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি, বদলি, বরখাস্তসহ শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে হয়রানি করা হচ্ছে। এতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

অবস্থান কর্মসূচিতে অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্তদের পুনর্বহাল, সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার এবং দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

চার দফা দাবি

১. আরইবি-পিবিএস একীভূতকরণ বা কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি, চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহার, চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল ও অন্যায় বদলির সমাধান।
২. ১৭ আগস্ট থেকে চাকরিচ্যুত ও বরখাস্তদের আদেশ বাতিল করে আগের কর্মস্থলে পুনরায় পদায়ন।
৩. লাইনক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ এবং আন্দোলনকালীন যোগদান করতে না পারা পাঁচজন লাইনক্রুর পুনঃপদায়ন।
৪. দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।

অবস্থান কর্মসূচিতে কুড়িগ্রামসহ বিভিন্ন সমিতির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Share With