কুড়িগ্রামে ৬০ বছর ধরে পূর্বপুরুষের পেশা আঁকড়ে সুবাস, মাটিতে বসেই কাটেন চুল-দাড়ি

আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে মানুষের জীবনযাত্রা। চুল-দাড়ি কাটার জন্য এখন শহর-গ্রামজুড়ে গড়ে উঠেছে আধুনিক সেলুন। তবে সময়ের সঙ্গে তাল না মিলিয়ে এখনও পূর্বপুরুষের রেখে যাওয়া ঐতিহ্যবাহী পেশাকে আঁকড়ে ধরে আছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পুরান সিঙ্গেরডাবরী এলাকার সুবাস চন্দ্র শীল। প্রায় ৬০ বছর ধরে মাটিতে বসেই মানুষের চুল-দাড়ি কাটছেন তিনি। বয়স ৭২ হলেও থামেনি তার কর্মযাত্রা।

সুবাস চন্দ্র শীলের পরিবারে নরসুন্দরের পেশার ইতিহাস দীর্ঘদিনের। তার বাবা হেমন্ত চন্দ্র শীলও ছিলেন নরসুন্দর। পূর্বপুরুষের হাত ধরে পাওয়া এই পেশাই জীবনের বড় একটি অংশজুড়ে ধরে রেখেছেন সুবাস। বয়সের ভার কিংবা আধুনিকতার পরিবর্তন—কোনোটিই তাকে এই পেশা থেকে দূরে সরাতে পারেনি।

স্থানীয় বাসিন্দা হরিস চন্দ্র মদক বলেন, তার বয়স এখন ৪০ বছর। মাত্র ১২ বছর বয়স থেকেই তিনি সুবাস চন্দ্র শীলের কাছে মাটিতে বসে চুল-দাড়ি কাটিয়ে আসছেন। তবে সময়ের পরিবর্তনে নতুন প্রজন্মের অনেকেই এখন আর এভাবে মাটিতে বসে চুল-দাড়ি কাটাতে আগ্রহী নয়।

এলাকার প্রবীণ বাসিন্দা আব্দুল কাদের মন্ডল জানান, একসময় সুবাস চন্দ্র শীল বাড়ি বাড়ি গিয়ে মানুষের চুল-দাড়ি কাটতেন। তখন পারিশ্রমিক হিসেবে নগদ টাকার পাশাপাশি চাল, গমসহ বিভিন্ন শস্যও নিতেন। সেই সময়ের গ্রামীণ জীবনের সঙ্গে নরসুন্দরদের এই সেবা ছিল গভীরভাবে জড়িয়ে।

সুবাস চন্দ্র শীলের ছেলে নারায়ণ চন্দ্র শীল বলেন, নরসুন্দরের কাজ তাদের পারিবারিক পেশা হলেও সময় অনেক বদলে গেছে। বিশেষ করে তরুণরা এখন মাটিতে বসে চুল-দাড়ি কাটাতে আগ্রহী নয়। তাই জীবিকার প্রয়োজনে তিনি বাজারে আধুনিক সেলুন দিয়েছেন।

সুবাস চন্দ্র শীল বলেন, মাত্র ১২ বছর বয়সে তিনি বাবার কাছ থেকে এই কাজ শেখেন। বাপ-দাদারা এই পেশায় ছিলেন বলেই তিনিও অন্য কোনো কাজের দিকে না গিয়ে এই পেশাকেই আঁকড়ে ধরেছেন। দীর্ঘ জীবনের বড় একটি সময় মানুষের চুল-দাড়ি কাটিয়েই পার করেছেন তিনি।

তিনি মনে করেন, মানুষের প্রয়োজন যতদিন থাকবে, ততদিন নরসুন্দরের পেশারও প্রয়োজন থাকবে। জীবনের শেষ দিন পর্যন্ত পূর্বপুরুষের এই পেশার সঙ্গে যুক্ত থাকতে চান সুবাস চন্দ্র শীল।

আধুনিকতার দ্রুত পরিবর্তনের এই সময়ে সুবাস চন্দ্র শীলের জীবনগল্প শুধু একজন নরসুন্দরের পেশাগত জীবনের গল্প নয়; এটি গ্রামীণ সমাজের হারিয়ে যেতে বসা এক ঐতিহ্য, পারিবারিক পেশার প্রতি ভালোবাসা এবং দীর্ঘ জীবনের সংগ্রামেরও প্রতিচ্ছবি।

Share With