কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে (কুড়িকৃবি) যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দেয়ালিকা উদ্বোধন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা ও কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আব্দুল আলীম। প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন। সকাল ৮টায় অস্থায়ী একাডেমিক ভবন থেকে শুরু হওয়া প্রভাতফেরি র্যালি প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে পুনরায় একাডেমিক ভবনে শেষ হয়। র্যালির পর উপাচার্য প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরাও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।উপাচার্য শিক্ষার্থীদের সৃজনশীলতায় নির্মিত ‘একুশের চেতনা ও গণতন্ত্রের পুনরুত্থান’ শীর্ষক দেয়ালিকা উদ্বোধন করেন এবং তাদের একাগ্রতা ও কঠোর পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন।

প্রধান অতিথি ভাষা আন্দোলনের ইতিহাস ও ১৯৫২, ১৯৭১ এবং ২০২৪ সালের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শিক্ষার্থীদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো: আব্দুল আলীম উল্লেখ করেন, ভাষা আন্দোলন শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক ছিল না; সারাদেশের ভাষা সৈনিকরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তিনি শিক্ষার্থীদের বিস্মৃত আঞ্চলিক ভাষা সৈনিকদের ইতিহাস খুঁজে বের করার জন্য গবেষণার আহ্বান জানান।
মৎস্য অনুষদের ডিন প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন একুশের চেতনার সাথে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের যোগসূত্র তুলে ধরেন।
অনুষ্ঠানে সহকারী প্রক্টর ড. আবু রাশেদ মো: মাহবুবার রহমান, সহকারী প্রভোস্ট রুমানা ইসলাম, আহসানুল হক এবং সহকারী সফটওয়্যার ইঞ্জিনিয়ার আশরাফুজ্জামানও বক্তব্য রাখেন।
পরিশেষে কবিতা আবৃত্তি ও দেয়ালিকা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।