কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

উৎসবমুখর পরিবেশ ও বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবহে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে (কুড়িকৃবি) যথাযোগ্য মর্যাদায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নতুন বছরকে বরণ করে নেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম, যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণিল ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস সংলগ্ন কুড়িগ্রাম–চিলমারী সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীসহ অংশগ্রহণকারীরা বাঙালির গ্রামীণ সংস্কৃতির নানা অনুষঙ্গ, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে অংশ নেন, যা পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ সৃষ্টি করে।

শোভাযাত্রা শেষে উপাচার্য ক্যাম্পাসে স্থাপিত বৈশাখী স্টলগুলো উদ্বোধন ও পরিদর্শন করেন। শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এসব স্টলে পান্তাভাত, মাছ, বিভিন্ন ধরনের ভর্তা ও শাকসহ ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয়। উপাচার্য শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের ধন্যবাদ জানান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম বলেন, “পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কেবল কৃষি গবেষণায় নয়, বাঙালির হাজার বছরের সংস্কৃতি লালন ও বিকাশেও অঙ্গীকারবদ্ধ। শিক্ষার্থীদের এই আয়োজন আমাদের সাংস্কৃতিক শেকড়ের গভীরতারই প্রতিফলন।”

Share With