কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট নিরসনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক পদায়নের দাবি জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে ডিও লেটার দিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মুজাহিদ।
বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট দূর করে চিকিৎসা সেবা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক পদায়নের অনুরোধ জানিয়ে এই ডিও লেটার পাঠান।
ডিও লেটারে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটের কারণে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবেলায় দ্রুত বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন জরুরি।
এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসক সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।