জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম সদর উপজেলা নবগঠিত সমন্বয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শাখার দলীয় কার্যালয়ে এ সভা হয়।
সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী এম আর রাজু আহমেদ রাজ্জাকের সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী শাহাজাহান আলী সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া। সভার শুরুতে নবনির্বাচিত সদর উপজেলা কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা শাখার নেতৃবৃন্দ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ, মোজাম্মেল হক, মাসুম মিয়া, মাহমুদুল হাসান জুয়েল প্রমুখ। বক্তারা জেলার সংগঠনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে দলীয় কাঠামো শক্তিশালী করার অঙ্গীকার করেন।
এছাড়াও সভায় বক্তব্য দেন যুগ্ম সমন্বয়কারী ডা. মিজানুর রহমান, লাভলু হোসেন, মালেক সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ৩১ সদস্যবিশিষ্ট কুড়িগ্রাম সদর উপজেলা কমিটি গত ৩১ আগস্ট সংগঠনের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে এম আর রাজু আহমেদ রাজ্জাককে প্রধান সমন্বয়কারী এবং মালেক সরকার, লাভলু হোসেন, মিজানুর রহমান ও শাহাজাহান আলী সুমনকে যুগ্ম সমন্বয়কারী করা হয়। এছাড়া কমিটিতে তিনজন নারী সদস্য—আয়শা সিদ্দিকা, ঈশা মনি পারভীন ও সাহানাজ পারভীন—অন্তর্ভুক্ত হয়েছেন।
পরিচিতি সভায় জেলা ও উপজেলা শাখার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।