কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য উমর ফারুকের নাম ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার সন্ধ্যায় হলোখানা দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।
হলোখানা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ভেদাভেদ ভুলে মাঠে নামার আহ্বান জানান তিনি।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।
এ ছাড়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য উমর ফারুক, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান ও সদস্যসচিব আবু হানিফ বিপ্লব।
মতবিনিময় সভায় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা মিলি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা তাঁতী দলের সভাপতি আনিসুর রহমান, ওলামা দলের আহ্বায়ক ডা. ফজলুল হক এবং সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান খলিল প্রমুখ।
সভার শেষ পর্যায়ে উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে উমর ফারুকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।