কুড়িগ্রাম-১: বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধে মশাল মিছিল

কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানার মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে মশাল মিছিল করেছে কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. ইউনুছ আলীর সমর্থকরা।
শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে নাগেশ্বরী–ফুলবাড়ী সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, মশাল মিছিলটি নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের লালস্কুল মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নাগেশ্বরী–ফুলবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধের মাধ্যমে শেষ হয়। অবরোধ চলাকালে এলাকায় উত্তেজনা বিরাজ করে এবং যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে।

প্রতিবাদ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন—
কুড়িগ্রাম জেলা জার্সাস-এর যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী অর্ণব,
নাগেশ্বরী ইঞ্জিনিয়ারস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ওসমান গনি,
পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম,
পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বেলালসহ আরও অনেকে।

বক্তারা দাবি করেন, ডা. ইউনুছ আলীর জনপ্রিয়তা, ত্যাগ ও দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকার কথা বিবেচনা করে তাকে মনোনয়ন দেওয়া জরুরি। তারা দ্রুত প্রার্থী পরিবর্তনের দাবি জানান এবং দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

Share With