কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ফ্যান চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে জানালার গ্রিল কেটে অজ্ঞাত চোরেরা বিদ্যালয়ের তিনটি ফ্যান নিয়ে যায়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এর আগেও একই প্রতিষ্ঠানে ফ্যান চুরি হয়েছিল। টানা দ্বিতীয়বার এমন ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষী না থাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ঘটনাটি উলিপুর থানা পুলিশকে অবহিত করা হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের চুরি কেবল শিক্ষার পরিবেশকে বিঘ্নিত করছে না, বরং পাঠদানের কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।