কুড়িগ্রামের ঘোগাদহে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেছে স্বেচ্ছায় রক্তদানবিষয়ক সংগঠন ‘রক্ত চাহিদা’। আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টায় সদর উপজেলার ঘোগাদহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, গ্রামাঞ্চলের অনেক মানুষেরই নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানা নেই। জরুরি প্রয়োজনে রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং বিনামূল্যে রক্তের গ্রুপ জানার সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে ঘোগাদহসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা। একই সঙ্গে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।