চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে বিপর্যস্ত কুড়িগ্রাম, ৮ ঘণ্টায় রেকর্ড ১৬০ মিমি বৃষ্টিপাত

চলতি মৌসুমের সর্বাধিক বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা কুড়িগ্রাম। হঠাৎ এমন অস্বাভাবিক বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।

আবহাওয়া সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রাত ১টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত মাত্র ৮ ঘণ্টায় কুড়িগ্রাম সদরে ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ বৃষ্টিপাত হিসেবে বিবেচিত হচ্ছে।

স্থানীয়রা জানান, বৈশাখ মাসের শেষ সময়ে এসে এত দীর্ঘস্থায়ী ও ভারী বৃষ্টিপাত এর আগে খুব কমই দেখা গেছে। টানা বর্ষণে শহর ও গ্রামীণ এলাকার বিভিন্ন সড়কে পানি জমে চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনেক নিচু জমি ও আবাদি ক্ষেত পানিতে ডুবে গেছে।

এদিকে অব্যাহত বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে জেলার নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। পরিস্থিতি অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে।

Share With