জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশু তিথীর পাশে দাঁড়াল রৌমারী উপজেলা প্রশাসন

কুড়িগ্রামের যাদুরচর ইউনিয়নের পাঁচ বছর বয়সী শিশু বন্যা আক্তার তিথী জন্মগত হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে গুরুতর শারীরিক জটিলতায় ভুগছে। চিকিৎসকদের মতে, তার হার্টের সমস্যার স্থায়ী সমাধানে জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। এই অপারেশনে আনুমানিক প্রায় দুই লাখ টাকা ব্যয় হবে বলে জানানো হয়েছে।

তিথীর পরিবারটি দরিদ্র ও ভূমিহীন হওয়ায় এত বড় চিকিৎসা ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব নয়। ফলে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে শিশুটির ভবিষ্যৎ। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার জনাব আলাউদ্দিন তিথীর পরিবারের খোঁজখবর নেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

একই সঙ্গে তিথীর দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

এদিকে শিশু তিথীর সুস্থতার জন্য সমাজের সকল সহৃদয়বান মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিত্তবানদের সহযোগিতা একান্তভাবে কাম্য বলে জানিয়েছেন পরিবারটির স্বজনরা। তাদের প্রত্যাশা, সম্মিলিত সহযোগিতায় দ্রুত অস্ত্রোপচার সম্পন্ন হলে শিশুটি নতুন করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

Share With