জাতীয় পর্যায়ে ‘এ’ ক্যাটাগরির মর্যাদায় কুড়িগ্রাম সরকারি কলেজ

জাতীয় পর্যায়ে সরকারি কলেজগুলোর ক্যাটাগরি মূল্যায়নে ‘A’ ক্যাটাগরির মর্যাদা অর্জন করেছে কুড়িগ্রাম সরকারি কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সাম্প্রতিক প্রজ্ঞাপনে প্রকাশিত তালিকায় কলেজটি দেশের সেরা ৮১টি ‘A’ ক্যাটাগরি প্রতিষ্ঠানের সারিতে স্থান পেয়েছে। এ অর্জনকে কুড়িগ্রাম জেলাবাসীর জন্য একটি বড় প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দীন তৃণমূলকে বলেন,
“এটি আমাদের জন্য আনন্দের সংবাদ। কুড়িগ্রামবাসীর জন্য এটি নিঃসন্দেহে সুখবর। এ সাফল্য দীর্ঘদিনের একটি ধারাবাহিক প্রক্রিয়ার ফসল।”

তিনি আরও বলেন,
“আমাদের শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কোর্সের ফলাফল, পাশাপাশি বিভিন্ন মেডিকেল, বুয়েট এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা এবং বিভিন্ন সরকারি–বেসরকারি পদের চাকরি অর্জনকারীদের বিবেচনায় নিলে এই কলেজের ক্যাটাগরির মান ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাবে।”

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, শিক্ষার্থী সংখ্যা, অনার্স বিষয়ে বৈচিত্র্য, শিক্ষার মান, অবকাঠামো, পরীক্ষার ফল ও প্রশাসনিক সক্ষমতার ভিত্তিতে সরকারি কলেজগুলোকে A, B, C এবং D ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘A’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হতে হলে কমপক্ষে ৮ হাজার শিক্ষার্থী ও ১০টির বেশি অনার্স বিষয় থাকার যোগ্যতা প্রয়োজন।

এই মানদণ্ড পূরণ করে তালিকায় স্থান পাওয়ায় কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। জেলার অন্যতম প্রাচীন ও বৃহৎ এই শিক্ষাপ্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও মানোন্নয়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান অধ্যক্ষ।

উল্লেখ্য, সারাদেশের ৭০৮টি কলেজের মধ্যে কুড়িগ্রাম সরকারি কলেজ সামগ্রিক মূল্যায়নে ৪৪তম স্থান অর্জন করেছে।

Share With