জুলাই শহীদদের স্মরণে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ এ রংপুর বিভাগের খেলা অনুষ্ঠিত হচ্ছে ‘শহীদ আবু সাইদ পট’ নামে। এ পটে মোট আটটি জেলা অংশ নিচ্ছে— কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়।
এই পটের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কুড়িগ্রাম জেলা দল মুখোমুখি হবে গাইবান্ধা জেলার। এরপর ২১ সেপ্টেম্বর কুড়িগ্রাম দল গাইবান্ধার মাঠে খেলতে যাবে। দুই ম্যাচের ফলাফলে যে দল এগিয়ে থাকবে তারা পরবর্তী রাউন্ডে উন্নীত হবে। পরবর্তী রাউন্ডও হবে হোম-এন্ড-অ্যাওয়ে পদ্ধতিতে।
জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা গত ৩০ আগস্ট সারাদেশে শুরু হয়েছে। ৬৪ জেলা দলকে আটটি পটে ভাগ করে খেলা আয়োজন করা হচ্ছে। প্রতিটি পট থেকে দুটি করে মোট ১৬টি দল চূড়ান্ত রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে। চূড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হবে ঢাকায়।
কুড়িগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন নির্ধারিত ম্যাচগুলো সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করেছে। তাদের লক্ষ্য, কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নশিপের খেলাগুলো সুন্দর ও সুষ্ঠুভাবে সমাপ্ত করা।