কুড়িগ্রামে ‘জুলাইয়ের চেতনা’ ধারণ করে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জেলা পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন হয়। এতে অংশ নেন বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ।
কোদাল, ঝাড়ু, বেলচা ও বালতি হাতে কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিজারুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া সংগঠক ও বিএনপি’র জেলা সদস্য মো. আজিজুল হকসহ অন্যরা।
আয়োজকরা জানান, আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে এই কর্মসূচি। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা ও বসার স্থানগুলো পরিষ্কার করার পাশাপাশি পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করার লক্ষ্যে সচেতনতামূলক প্রচারণাও চালানো হবে।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মো. আজিজুল হক বলেন, “পরিবেশ রক্ষা করা আমাদের নাগরিক দায়িত্ব। এই উদ্যোগের মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করতে চাই।”
প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিজারুল ইসলাম বলেন, “এই কর্মসূচির মাধ্যমে কেবল শহর পরিষ্কার করাই নয়, বরং পরিবেশবান্ধব জীবনযাপনের বার্তাও পৌঁছে দিতে চাই।”