ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে কুড়িগ্রামে সচেতনতা র্যালি ও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং কুড়িগ্রাম পৌরসভার সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতা র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসক চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। কোথাও যেন জমে থাকা পানিতে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।