দেশাত্মবোধক গানে সম্মাননা পেলেন কুড়িগ্রামের সারাব আজমান

কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার কৃতী সন্তান ও প্রবাসী তরুণ কণ্ঠশিল্পী সারাব আজমান দেশাত্মবোধক গানে বিশেষ অবদানের জন্য একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত এই শিল্পী ছুটিতে দেশে এসে সংগীতচর্চা ও মৌলিক গানে সক্রিয় ভূমিকা রাখায় প্রশংসিত হচ্ছেন।

সারাব আজমানের সংগীত জীবনের শুরু ২০১১ সালে। ওই বছর তিনি চ্যানেল আই-এর জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা ‘খুদে গানরাজ’-এ অংশগ্রহণ করে সেরা ১৬ জনের মধ্যে স্থান করে নেন। পরবর্তীতে ২০২৩ সালে চ্যানেল আই-এর আরেকটি জনপ্রিয় প্রতিযোগিতা ‘সেরাকণ্ঠ’-এ অংশ নিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছান। প্রতিযোগিতাটি শেষ করার পরই তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

তিনি বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় সংগীতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি-তে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি তিনি নিয়মিত বাংলা সংগীতচর্চা ও মৌলিক গান প্রকাশে সক্রিয় রয়েছেন।

দেশে ছুটিতে অবস্থানকালে সাউন্ড হ্যাকার-এর প্রযোজনায় তার কণ্ঠে প্রকাশ পেয়েছে দেশাত্মবোধক গান ‘বাংলাকে খুঁজে পাই’। এছাড়া তার দুটি মৌলিক গান— ‘সত্যিকারের তুই চাই’ ও ‘তুই আমার শুরু’—শিগগিরই প্রকাশের অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে অনুরুদ্ধ শুভর পরিচালনায় ‘তুমি ছাড়া ভালো লাগে না’ শিরোনামের আরেকটি মৌলিক গানও মুক্তির প্রস্তুতিতে রয়েছে।

সংগীতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে সারাব আজমানকে প্রদান করা হয়েছে—
ভিক্টোরি অ্যাওয়ার্ড ২০২৫,
স্টার অ্যাচিভার অ্যাওয়ার্ড ২০২৫,
দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার ২০২৫,
সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫ এবং
বিজিসিএফ অ্যাওয়ার্ড ২০২৫।

সারাব আজমানের প্রকাশিত গানগুলো ইতোমধ্যেই শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আন্তর্জাতিক অঙ্গন থেকেও বাংলা গান ও বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই প্রতিভাবান কণ্ঠশিল্পী।

Share With