নাগেশ্বরীতে চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি

কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় অনুষ্ঠিত চৌকিদার প্যারেড পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নাগেশ্বরী থানায় এ প্যারেড অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে পুলিশ সুপার চৌকিদারদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় তিনি জননিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধে চৌকিদারদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার মাদকবিরোধী কার্যক্রম জোরদার, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিজ নিজ এলাকায় নিয়মিত নজরদারি এবং মাদকসংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানানোর নির্দেশ দেন। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে জনপ্রতিনিধি, প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেন তিনি।

এ ছাড়া পলাতক আসামি ও সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট থানায় অবহিত করা এবং এলাকায় সংঘটিত বা সংঘটিত হতে পারে এমন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানানোর নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সুপার বলেন, জননিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ এবং স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। চৌকিদারদের মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে দ্রুত তথ্য পাওয়া গেলে অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম আরও কার্যকর হবে।

এ সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও চৌকিদাররা উপস্থিত ছিলেন।

Share With