নাগেশ্বরীতে পারিবারিক কলহে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছামিনা বেগম (৪০) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ছামিনা বেগম কচাকাটা ইউনিয়নের ভোটেরহাল্ল্যা গ্রামের মৃত নাদের আলীর মেয়ে। তিনি পাঁচ সন্তানের জননী—তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে তার। পারিবারিক সূত্রে জানা গেছে, ছামিনার স্বামী আলী আহাম্মেদের (৪৫) সঙ্গে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। স্বামী প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে পরিবারের অভিযোগ।

ঘটনার দিন সকালে পারিবারিক সম্পত্তি নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে স্বামী আলী আহাম্মেদ তার মাকে ঘিরে অপমানজনক মন্তব্য করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ছামিনা। সকাল ১০টার দিকে তিনি ইঁদুর মারার বিষ পান করেন। এরপর তিনি ছেলের বউয়ের সঙ্গে বাড়ির দৈনন্দিন কাজে স্বাভাবিকভাবে অংশ নিলেও কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে ভূরুঙ্গামারী হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই, কচাকাটা স্টেশনের কাছাকাছি তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই কচাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কচাকাটা থানার এসআই মামুন ও একজন নারী পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়ভাবে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

Share With