প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং সম্প্রতি ঘোষিত গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মো. নূর বখ্ত, হাফেজ মাওলানা মোজাম্মেল হক আইমানি, হাফেজ মাওলানা ইসরাফিল, হাফেজ মাওলানা আইয়ুব আলী আনসারী ও মাওলানা রেজাউল করিম প্রমুখ।

বক্তারা বলেন, প্রাথমিক স্তর একটি শিশুর জীবনের ভিত্তি। এ পর্যায়ে নৈতিকতা ও আদর্শ গঠনের জন্য ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। অথচ পর্যাপ্ত ধর্মীয় শিক্ষক না থাকায় শিশুরা কাঙ্ক্ষিত নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারির ফলে ধর্মপ্রাণ মানুষের মনে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ উদ্যোগ কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক অনুকরণ প্রবণতা তৈরি করবে, যা ভবিষ্যতে জাতির জন্য মারাত্মক হুমকি হতে পারে।

ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতার আলোকে শিশুদের বেড়ে ওঠার স্বার্থে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ীভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানান বক্তারা। এ সময় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তারা আরও বলেন, এ ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে দেশের ধর্মপ্রাণ জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Share With