ফুলবাড়ীতে নালায় ডুবে দুই বছর বয়সী শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় খেলতে গিয়ে বাড়ির পাশের নালায় পড়ে গিয়ে শাহাজালাল (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতিন্দ্রনারায়ন গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহাজালাল স্থানীয় বাসিন্দা মতিয়ার রহমানের একমাত্র পুত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুপুরে বাড়ির উঠানে একা একা খেলছিল শাহাজালাল। হঠাৎ কখন সে বাড়ির সামনের রাস্তার পাশের নালার পানিতে পড়ে যায়, তা কেউ খেয়াল করেনি। কিছুক্ষণ পর এক নারী পথচারী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় নালার পানিতে শিশুটিকে ভেসে থাকতে দেখে চিৎকার শুরু করেন।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে ছুটে এসে শাহাজালালকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

এই করুণ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, নালাটি খোলা অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। কোনো রকম সুরক্ষাব্যবস্থা না থাকায় যে কোনো সময় এ ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।

Share With