কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সুপারির বাগান এখন কৃষকদের নতুন সম্ভাবনার ক্ষেত্র হয়ে উঠেছে। অধিক লাভজনক হওয়ায় এলাকার আবাদি জমিগুলোতে দিন দিন বেড়ে যাচ্ছে সুপারির চাষ।
স্থানীয় কৃষকদের জানানো মতে, সুপারির পাশাপাশি একই জমিতে কলা, আদা, লেবু, নটকন এবং হলুদসহ বিভিন্ন মিশ্র চাষ করেও দ্বিগুণ লাভজনক হচ্ছেন তারা। এতে একদিকে যেমন জমির সঠিক ব্যবহার হচ্ছে, অন্যদিকে কৃষকের আয়ও বাড়ছে কয়েকগুণ।
কৃষকরা বলছেন, সুপারির গাছের নিচে এই ফসলগুলো ভালোভাবে বৃদ্ধি পায় এবং আলাদা করে জমি প্রস্তুত করার প্রয়োজন হয় না। ফলে খরচ কমে যায় ও লাভ বাড়ে।
ইতিমধ্যে ফুলবাড়ীর বিভিন্ন গ্রামে বড় বড় সুপারির বাগান চোখে পড়ছে। স্থানীয় কৃষি বিভাগও এই চাষাবাদকে ইতিবাচকভাবে দেখছে এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে।
কৃষকদের প্রত্যাশা, এভাবে সুপারির বাণিজ্য বিস্তৃত হলে ভবিষ্যতে ফুলবাড়ীতে এটি বড় অর্থকরী ফসল হিসেবে প্রতিষ্ঠা পাবে।