কুড়িগ্রাম সদর উপজেলার ৮ নম্বর পাঁচগাছী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মো. হোসাইন আহম্মেদের লাইসেন্স বাতিল করেছে সরকার। বাল্যবিবাহ নিবন্ধনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, মো. হোসাইন আহম্মেদ ২০২৪ সালের ২০ অক্টোবর মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর বিধি ২৩ক লঙ্ঘন করে কনে মোছা. পারভীন খাতুনের একটি বাল্যবিবাহ নিবন্ধন করেন। বিষয়টি একই বিধিমালার বিধি ১১ অনুযায়ী গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচিত হয়। কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তার নামে ইস্যুকৃত নিকাহ রেজিস্ট্রার লাইসেন্স বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট অধিক্ষেত্রটি শূন্য ঘোষণা করে অনধিক ১২০ দিনের জন্য পাশের কোনো অধিক্ষেত্রের নিকাহ রেজিস্ট্রারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাবেক নিকাহ রেজিস্ট্রারের কাছ থেকে বালাম বহিসহ নিকাহ নিবন্ধন-সংক্রান্ত সব কাগজপত্র সংগ্রহ করতে জেলা রেজিস্ট্রার, কুড়িগ্রামকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা রেজিস্ট্রার, কুড়িগ্রাম এবং সাব-রেজিস্ট্রার, সদর, কুড়িগ্রামকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।