দীর্ঘ এক বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সহকারী পরিচালক (এডি) পদে পদোন্নতি পেয়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কৃতি সন্তান মো. আব্দুল্লাহ আল মামুন।
এই গৌরবময় অর্জনে তিনি মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে বাবা-মা, পরিবারের সদস্য, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, তাদের দোয়া, ভালোবাসা, ত্যাগ, উৎসাহ ও অনুপ্রেরণাই তাকে এ সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।
প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ আল মামুন জানান, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার মহান দায়িত্ব তিনি সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা এবং পেশাদারিত্বের সঙ্গে পালন করার জন্য সর্বদা সচেষ্ট থাকবেন। তিনি দেশ ও জাতির কল্যাণে নিজেকে সর্বোচ্চভাবে নিয়োজিত রাখতে সবার কাছে দোয়া কামনা করেন।
তার এই উল্লেখযোগ্য অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং ফুলবাড়ী উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্থানীয়রা মনে করছেন, আব্দুল্লাহ আল মামুনের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো উপজেলার জন্য গর্বের বিষয়।
সচেতন মহলের মতে, ফুলবাড়ীর সন্তান আব্দুল্লাহ আল মামুনের এ সাফল্য তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় ও অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।