বিতর্ক মানেই যুক্তি জ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল আয়োজিত ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব। স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী মানস গঠনের লক্ষ্যে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজ হলরুমে দিনব্যাপী এ উৎসব শুরু হয়।
বিতর্কে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চিলমারীর থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার অর্জন করেন বিজয়ী দলের প্রথম বক্তা মোছা: মাহফুজা লুবনা।
কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন উৎসবের উদ্বোধন করেন। তিনি বলেন, “তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা ও যুক্তির চর্চা গড়ে তুলতে এ ধরনের আয়োজন সময়োপযোগী। শিক্ষার্থীদের যুক্তি ও বিজ্ঞানের কণ্ঠ শুনে আমরা ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতে পারি।”
দিনব্যাপী আয়োজিত উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় সন্ধ্যায়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ আতাউল হক খান চৌধুরী, সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা সাংবাদিক সফি খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক সমকাল জেলা প্রতিনিধি সুজন মোহন্ত। এছাড়াও সমকাল সুহৃদ সমাবেশের স্থানীয় প্রতিনিধি এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
এবারের বিতর্ক উৎসবে অংশ নেয় জেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠান—নাগেশ্বরী দয়াময়ী পাইলট উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দাশেরহাট উচ্চ বিদ্যালয়, ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়, বর্ডারগাট পাবলিক স্কুল, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজ।
পরে শিক্ষার্থীরা বিজ্ঞানের সমসাময়িক নানা বিষয়ে যুক্তিনির্ভর বিতর্ক উপস্থাপন করেন। আয়োজকরা জানান, জেলা পর্যায়ে বিজয়ী দলগুলো জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে।
এ ছাড়া সমাপনী অনুষ্ঠানে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয় উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।