তিস্তা নদীর পানি হঠাৎ বেড়ে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে তিস্তাপাড়ের জনপদে। মধ্যরাত থেকেই নদীর পানি প্রবল স্রোতে উপচে পড়ছে, আর সেই পানি দ্রুত প্রবেশ করছে নিম্নাঞ্চলগুলোতে। ফলে নদী তীরবর্তী এলাকার হাজারো মানুষ রাতভর কাটাচ্ছেন ঘুমহীন ও আতঙ্কে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তীব্র স্রোতে ভেঙে পড়ছে কয়েকটি স্থানের বাঁধ ও ঘরবাড়ি। ইতোমধ্যে গৃহস্থালির জিনিসপত্র উঁচু জায়গায় সরিয়ে নিচ্ছে এলাকাবাসী। অনেকে আবার আশ্রয় নিয়েছেন স্কুল ও উঁচু সড়কে।
তিস্তা ব্যারাজ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অবিরাম বৃষ্টির কারণে নদীর পানি হঠাৎ বেড়ে যায়। পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট বিভাগগুলোকে সতর্ক করা হয়েছে।
এদিকে, স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বেচ্ছাসেবক দল ও প্রশাসনের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে। তবে পানি বৃদ্ধির হার অব্যাহত থাকলে নিম্নাঞ্চলের কয়েকটি ইউনিয়ন নতুন করে বন্যাকবলিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।