কুড়িগ্রামের রাজারহাটে হযরত আলী নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন উপজেলার সদর ইউনিয়নের ৪নং দিনা মৌজার পঞ্চাশার্ধ এলাকার আলেয়া বেগম (৫৫) নামের এক অসহায় বিধবা নারী।
ভুক্তভোগী আলেয়া বেগম জানান, রাজারহাট সদর ইউনিয়নের ৫নং ছাটমল্লিকবেগ ওয়ার্ডের সদস্য হযরত আলী ভিজিডি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ৩ হাজার টাকা নেন। একইভাবে এলাকার আরও কয়েকজন নারীর কাছ থেকেও অর্থ নেন তিনি। তবে এক বছরের বেশি সময় পার হলেও কোনো কার্ড দেননি।
আলেয়া বেগম অভিযোগ করে বলেন,
“আমি ও এলাকার আরও কয়েকজন টাকা ফেরত চাইলে হযরত মেম্বার নানা অজুহাত দিতে থাকেন। আমি অসুস্থ, চিকিৎসার কথা বলে টাকা চাইলে তিনি বিধবা ভাতা দেওয়ার প্রলোভন দেখান। আমি আর প্রতারিত হতে চাই না, আমার টাকা ফেরত চাই।”
এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করেন, ইউপি সদস্য হযরত আলী গ্রামের অসহায় ও বয়স্ক নারীদের বিভিন্ন সুবিধার লোভ দেখিয়ে টাকা নেন এবং পরে তা আত্মসাৎ করেন। তাদের ভাষায়, “এটা হযরত মেম্বারের বাটপারি।”
অভিযোগের বিষয়ে জানতে ইউপি সদস্য হযরত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭২৭২১৪৫৯১ একাধিকবার বন্ধ পাওয়া যায়।